Thursday, July 14, 2016
ওরা দুজন ফুটপাতে ঘুমায়
ওরা দুজন ফুটপাতে ঘুমায় । একটা ছেলে আর একটা মেয়ে ।ছেলেটার বয়স ছয় আর মেয়েটার এইতো সবে চার - ভাই বোন ওরা ! ল্যামপোস্ট ঝরা সোডিয়াম ল্যাম্পের বিচিত্র আলোর সাথে চাঁদের আলো একাকার হয়ে সুখ সুন্দর আভা ফোটায় ওদের মুখে । ওরা চাঁদটাকে ঝলসানো রুটি ভাবেনা, তারা গুলোকে নিয়ে মন্ডা মিঠায়ের স্বপ্ন দেখেনা, আসলে ওরা কখনোই স্বপ্ন দেখেনা । ছোট্ট মেয়েটা একসময় স্বপ্ন দেখত একটা লাল টুকটুকে গাড়িতে চড়ার ,একটা লাল
টুকটুকে ফ্রক পরার ! রোদভরা এক লালচে বিকেলে ওদের সামনে একটা লাল টুকটুকে গাড়ি থেমেছিল, রক্তের মত লাল জামা পরা পুতুলের মত ছোট্ট একটা মেয়েও বের হয়েছিল গাড়ি থেকে ! ছোট মেয়েটা ছুঁয়ে দিয়েছিল স্বপ্নের গাড়িটাতে ,শুধু আলতো করেই ছুয়ে দিয়েছিলো, গাড়ি থেকে এক মোটাসোটা মহিলা এসে থাপ্পড় মেরেছিল মেয়েটিকে, শক্তিটা রুখতে পারেনি তার দুর্বল দেহ ; আছড়ে পড়েছিল শক্ত ফুটপাতে - তার সাথে সাথে তার মন থেকে ছিটকে গিয়েছিল অনেক দিনের পুরনো ভন্ড স্বপ্নটা । এরপর আর ওরা স্বপ্ন দেখেনি কোনদিন !! স্বপ্ন ওদের জন্য নয় ! স্বপ্ন দেখা ওদের সাজে না ।
ছোট ছোট দু'টি ভাইবোন ওরা । ছোট দুটি পাপহীন মুখ ওদের । রাস্তার ধারে ছিমছাম দোকান গুলোতে পরিপাটি করে সজানো নানা পদের খাবার । কখনো মাছি ভনভন করে তার ওপর, পিঁপড়ারমত সারিবদ্ধ ভাবে সেখানে ঢোকে মানুষ- তৃপ্ত হয়ে বেরিয়ে আসে । ওরা দুজন অতৃপ্ত ছোখে চেয়ে থাকে সেদিকে । কিন্তু কখনো ওরা যাই না ওখানে । একদিন খিদেপেয়েছিল ওদের ; তাই দোকানে খাবার চেয়েছিল ওরা । খুব ভদ্র ভাবেই চেয়েছিল , কিন্তু দোকানিটা ওদের ভদ্রতাকে হয়তো বুঝতে পারেনি তাই থাপ্পড় দিয়ে দুজনকে বের করে দিয়ে ছিলো দোকান থেকে । খাবার না পেয়ে দুজনে একদিন চুরিও করেছিল । তেমন কিছু না, দুটো অবাধ্য ক্ষুদ্র পেটকে শান্ত করার মত ছোট ছোট দুটি রুটি । তাতেই দোকানী আর আশেপাশের লোকজনওদের খুব পিটিয়েছিলো । রাস্তার এককোনের গুদামঘরের
পাশে সেই রাতটি ওদের কেটেছিল অস্তিত্বে মায়াময় যন্ত্রনা নিয়ে ! সত্যিকারের যন্ত্রনা !!
এরপর আর ওরা কখনো চাইনি কারো কাছে - কোনদিন চুরিও করেনি । চাওয়া আর চুরি করাদুটোকেই ওরা এখন অপরাধ মনে করে অপরাধই যদি না হবে তাহলে ওরা মার খেলো কেন ? একটা ছেলে আর একটা মেয়ে । মিষ্টি দু'টি ভাই বোন ওরা ! হাতে ত্রিশুল, পায়ে ইয়া বড় আর ফাটা গামবুট আর পরনে হাবিজাবি কাপড়ের বস্তার মত ছেঁড়াখোড়া জামা পরে ট্রাফিক কন্ট্রোল করে মনা । তথাকথিত স্বাভাবিক মানুষেরা তাকে মনা পাগল ডাকে, ভাই বোন দু'টি ডাকে মনাকা বলে । ছোট বোনটি একদিন ওদের মনাকাকাকে জিঞ্জেস করছিলো "আইচ্চা মনাকা, হগ্গোলেরই ত মা-বাপ থাহে...তাইনা ?" একটু হেসে মনা পাগল বলেছিলো " হ মা, থাকতো না ক্যান ? মা বাপ হগ্গোলরই থাকতো, হ্যারা যদি না রই পুলাপান আইবো কৈত্তে !!"
অনুযোগের সুরে ছোট্ট মেয়েটি বলেছিল "তাইলে আমাগোর নাই ক্যান ?" চমকে উঠে বিষন্ন চোখে একরাশ হতাশা নিয়ে তাকানো ছাড়া কোন জবাব দিতে পারেনি মনা পাগল । মেয়েটিকে একথাটাও বোঝাতে পারেনি সবার সবকিছু থাকেনা, সবার সব কিছু থাকতে নেই ! মিষ্টি দুটি ভাইবোন ওরা । সাহসী একটা সম্পর্ক ওদের । যে সাহসটুকু ওদের সাহস যোগায় বেঁচে থাকার , কষ্ট সহ্য করার । পৃথিবীর সব অবাধ্য এলোমেলো দুঃখ গুলোকে নিজেদের সব থেকে আপন ভুবনে সাজিয়ে ওরা এভাবেই বেঁচে ছিল, আছে এবং প্রতিনিয়ত বেঁচে থাকবে, বারেবারে - প্রতিদিন ! তীব্র ছায়ায় ডুবে থাকা ছোট দুটি ভাললাগা ওরা ! ল্যামপোস্ট ঝরা সোডিয়াম ল্যাম্পের বিচিত্র আলোর সাথে চাঁদের আলো একাকার হয়ে সুখ সুন্দর আভা ফোটায় ওদের মুখে । ওর দুজন ফুটপাতে ঘুমায় ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment